
স্পেশাল রিপোর্টার,কুষ্টিয়া:আধুনিক ও স্বচ্ছ সরকারি ক্রয়ব্যবস্থা সম্পর্কে সংশ্লিষ্টদের দক্ষতা বাড়াতে বিশ্ববিদ্যালয়ে ই-জিপি (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) ভিত্তিক প্রকিউরমেন্ট ব্যবস্থার ওপর এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত ৩ ফেব্রুয়ারি এ কর্মশালার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)–এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. এয়াকুব আলী।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে ই-জিপি ভিত্তিক প্রকিউরমেন্ট ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা উপস্থাপন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং, ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ার্কস ডিভিশনের ডেপুটি ডিরেক্টর কে. এম. মেহেদী হাসান।
তিনি ই-জিপি সিস্টেমের কাঠামো, ব্যবহারিক প্রয়োগ, দরপত্র প্রক্রিয়া, মূল্যায়ন পদ্ধতি এবং অনলাইনভিত্তিক ক্রয়ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কৌশলগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীরা ই-জিপি ব্যবস্থার মাধ্যমে সময় ও ব্যয় সাশ্রয়, মানবিক হস্তক্ষেপ হ্রাস এবং সরকারি ক্রয় প্রক্রিয়ায় দুর্নীতি প্রতিরোধের বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন।
আলোচনায় ভাইস চ্যান্সেলর ই-জিপি ব্যবস্থার কার্যকর বাস্তবায়ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক ব্যবস্থাপনা কাঠামো গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ভাইস-চ্যান্সেলর তাঁর বক্তব্যে বলেন, ই-জিপি ভিত্তিক প্রকিউরমেন্ট ব্যবস্থা সরকারি ক্রয় কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা নিশ্চিত করার একটি কার্যকর মাধ্যম। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তারা আধুনিক ক্রয়ব্যবস্থা সম্পর্কে বাস্তব ও ব্যবহারিক জ্ঞান অর্জন করবেন, যা ভবিষ্যতে সুশাসন ও মানসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করতে সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও পরিচালনায় প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার বিকল্প নেই। ই-জিপি সিস্টেমের সঠিক প্রয়োগ সময় ও ব্যয় সাশ্রয়ের পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের মাধ্যমে সংশ্লিষ্টদের দক্ষতা আরও বাড়ানো সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীরা অংশগ্রহণ করেন।